জেলা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৬, ০৯:২২ এএম
লক্ষ্মীপুরের সাধারণ এক মাদরাসাছাত্র থেকে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়াকে ধূলিসাৎ করে দেওয়ার কারিগর—জাতীয় দলের পেসার হাসান মাহমুদ। তার এই রূপান্তর এখন পুরো বাংলাদেশের জন্য এক গর্বের অধ্যায়। ক্রিকেট বিশ্বের বড় বড় তারকার ভিড়ে নিজের নিখুঁত বোলিং নৈপুণ্যে দুই ইনিংসে ৯ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন এই ‘লক্ষ্মীপুর এক্সপ্রেস’।
লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. ফারুক হোসেন ও গৃহিণী মাহমুদা খাতুন রানীর কনিষ্ঠ সন্তান হাসান মাহমুদ। শৈশবে লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদরাসায় পড়াশোনার পাশাপাশি জেলা স্টেডিয়ামের কোচ মনিরের হাত ধরে হাসান মাহমুদের ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল।
ক্রীড়া ব্যক্তিত্বসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২০ সালের জানুয়ারিতে পাকিস্তান সফরের মধ্য দিয়ে হাসান মাহমুদ প্রথম বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রাখেন। শুরু থেকেই তার বোলিং নৈপুণ্য দেখে এসেছে ক্রিকেট বিশ্ব। টি-টোয়েন্টি থেকে শুরু করে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ম্যাচেও বল হাতে জ্বলে উঠার কৃতিত্ব রয়েছে তার। এবার একইভাবে ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি অষ্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচের দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। হাসানের এমন কৃতিত্বে সারাদেশের মতো তার জন্মস্থান লক্ষ্মীপুরবাসীও উচ্ছ্বসিত। ভবিষ্যৎ ক্রিকেটে আরও বেশি কৃতিত্বের অংশীদার হয়ে বাংলাদেশসহ লক্ষ্মীপুরের সুনাম ছড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রীড়া ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে হাসান মাহমুদের বাবা মো. ফারুক হোসেনের সঙ্গে ঢাকা মেইলের প্রতিনিধির কথা হয়।
ছেলের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত বাবা মো. ফারুক হোসেন। তিনি বলেন, হাসান সবার দোয়ায় ভালো খেলেছে। সে এখন আর লক্ষ্মীপুরের সন্তান নয়, সে পুরো বাংলাদেশের সন্তান। সে যেন ভালো খেলে, দেশের সুনাম ধরে রাখতে পারে, সেজন্য প্রত্যেকের কাছে দোয়া চাই।
লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কোচ মনির হোসেন বলেন, হাসানের বোলিং নৈপুণ্যে বাংলাদেশ দলের সঙ্গে ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার হার দেখতে পেরেছি। অস্ট্রেলিয়ার দাম্ভিকতা ভেঙেছে। আমরা হাসানকে নিয়ে গর্ববোধ করি। তার কৃতিত্বে লক্ষ্মীপুরের ক্রীড়া পরিবার বেশ উচ্ছ্বসিত।
রাইজিং ফুটবল একাডেমির পরিচালক আব্দুল মমিন বলেন, লক্ষ্মীপুর স্টেডিয়ামেই হাসানের হাতেখড়ি। তার কৃতিত্বে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচে হারিয়েছে। তার জন্য শুভ কামনা।

হাইফাই সাংস্কৃতির সংঘের সভাপতি জাকির হোসেন বলেন, হাসান মাহমুদ আমাদের হাইফাই ক্রীড়া সংসদের খেলোয়াড় ছিল। সে আজ অস্ট্রেলিয়ার সঙ্গে ৯ উইকেট নিয়েছে, এ আনন্দ বলে বুঝানো সম্ভব নয়। এছাড়া একের পর এক জয় দিয়ে বাংলাদেশ টিম যোগ্যতার প্রমাণ রেখে চলেছে।
ক্রীড়া সংগঠক রাজিব হোসেন রাজু বলেন, লক্ষ্মীপুরের মতো একটি পিছিয়ে থাকা জেলা থেকে হাসান মাহমুদ আজ বিশ্ব ক্রিকেট মাতাচ্ছে। অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ ঐতিহাসিক জয় পেয়েছে। এতে আমাদের লক্ষ্মীপুর এক্সপ্রেস হাসান মাহমুদ ম্যাচ সেরা হয়েছেন। তার কৃতিত্বে আমরা অত্যন্ত খুশি হয়েছি। ভবিষ্যতের জন্য দোয়া রইলো।
এদিকে, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তার অফিসিয়াল ফেসবুক পেজে হাসান মাহমুদকে নিয়ে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই গৌরবময় জয়ে বিশেষভাবে উজ্জ্বল ভূমিকা রেখেছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান হাসান মাহমুদ। দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ম্যাচে ৯ উইকেট শিকার করে ১১১ রানে তিনি নির্বাচিত হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে হাসান মাহমুদ এর এমন সাফল্য লক্ষ্মীপুরবাসীর জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। শুভ কামনা রইলো।’

প্রসঙ্গত, ২০১৩ সালে বিসিবি আয়োজিত জেলা অনুর্ধ্ব-১৪ দলে বান্দরবানে বিভাগীয় পর্যায়ে রাঙামাটি বনাম লক্ষ্মীপুর ম্যাচে হাসান মাহমুদের অভিষেক হয়। ২০১৫ সালে জাতীয় অনুর্ধ্ব-১৫ খেলার সুযোগ পায়। তখনই বাংলাদেশ হয়ে ভারতের সঙ্গে খেলে ১৫ ওভার বল করে ১৮ রান দিয়ে ৩ উইকেট ছিনিয়ে নেয় এবং বাংলাদেশ টিম জয়লাভ করে। ২০১৬ সালে অনুর্ধ্ব-১৯ ও ২০১৭ সালে এশিয়া কাপ অনুর্ধ্ব-১৯ খেলার সুযোগ পায়। কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেননি। ২০১৮ শুরুর দিকে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছেন। ২০২০ সালের ১৮ জানুয়ারি বিসিবি হাসানকে পাকিস্তান সফরে টি টোয়েন্টি টুর্নামেন্টের জন্য জাতীয় দলে মনোনীত করে।
প্রতিনিধি/টিবি