Dhaka Mail Logo

সারাদেশ

চাঁদপুরে গ্যাস সংকটের পর মামলার চাপ, অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি

১৮ আগস্ট ২০২৬, ০৪:০৩ এএম

গ্যাস সংকটে আয় কমেছে, তার ওপর শাহরাস্তি এলাকায় ডিউটি না করায় অটোরিকশা চালকদের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। দুই দফা ভোগান্তিতে ক্ষুব্ধ হয়ে চাঁদপুরের কচুয়া উপজেলার সিএনজি চালিত অটোরিকশার চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার সবিদপুর মোড়ে প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

চালকদের অভিযোগ, তারা কচুয়া থানার আওতাধীন এলাকায় ডিউটি করেন। কিন্তু শাহরাস্তি এলাকায় ডিউটি না করায় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। প্রতিটি সিএনজির বিরুদ্ধে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত মামলা করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

একাধিক চালক বলেন, আমরা কচুয়ায় ডিউটি করি। শাহরাস্তিতে কেন ডিউটি করব? ডিউটি না করলেই মামলা দেওয়া হচ্ছে।

চালকদের আরও অভিযোগ, গ্যাসের জন্য দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। এতে গাড়ি চালানোর সময় কমে যাওয়ায় দৈনিক আয়ও কমেছে। এর মধ্যে মামলার চাপ তাদের আর্থিক সংকট আরও বাড়িয়ে দিয়েছে।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে। শাহরাস্তি থানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিলে চালকেরা অবরোধ প্রত্যাহার করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আজিজুল ইসলাম বলেন, চালকদের অভিযোগ নিয়ে শাহরাস্তি থানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এফএ