জেলা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৬, ১০:৩৮ পিএম
পিরোজপুরের জিয়ানগরে বিএনপি নেতা মো. সাফায়েত হোসেন হাওলাদারকে দলীয় নীতি আদর্শ ও নৈতিক স্খলনজনিত কারণ দেখিয়ে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, মো. সাফায়েত হোসেন হাওলাদার জিয়ানগর উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পূর্ব চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা বলছে, সাফায়েত মাদকাসক্ত হয়ে পড়ায় তার ১২ বছর বয়সী কন্যা শিশু নিরাপত্তাহীনতায় ভোগার কারণে জিয়ানগর থানায় এসে আশ্রয় নেয়। শিশুটি বাবার বিরুদ্ধে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা এবং অশালীন ও আপত্তিকর কথাবার্তা বলার অভিযোগ তুলে।
পরে শিশুটির নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে ভান্ডারিয়ার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে।
জিয়ানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহব্বত খান জানান, ১৬ আগস্ট শিশুটি নিরাপত্তার জন্য থানায় এসে আশ্রয় নেয়। এ সময় সে তার বাবার বিরুদ্ধে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা এবং অশালীন ও আপত্তিকর কথাবার্তা বলার অভিযোগ করে। একই সঙ্গে বাবার মাদকাসক্তির কারণে তার কাছে থাকা নিরাপদ নয় বলেও অভিযোগ করে।
শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে জিয়ানগর থানার পক্ষ থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটিকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে বলেও ওসি জানান।
তিনি আরও বলেন, অভিযুক্ত বিএনপি নেতা সাফায়েতের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ বলেন, সাফায়েত হোসেন হাওলাদারের বিরুদ্ধে দলীয় নীতি-আদর্শ ও নৈতিক স্খলনজনিত সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ার কারণে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, সাফায়েতের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে আমরা প্রাথমিক তদন্ত করে তার সত্যতা পাই এবং এটা নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে আলোচনা করি। তাদের পরামর্শক্রমে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছি।
প্রতিনিধি/এলএ