Dhaka Mail Logo

সারাদেশ

কুড়িগ্রামে শিক্ষকদের স্কুলে ফেরাতে আন্দোলনে শিশু শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি

১৭ আগস্ট ২০২৬, ০৯:১৩ পিএম

শিক্ষকদের স্কুলে ফেরাতে আন্দোলনে নামল প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলের খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

সোমবার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে সব কক্ষ বন্ধ দেখতে পায়। পরে তারা লাঠিসোটা হাতে আন্দোলনে নামে। এ সময় শিক্ষার্থীরা দলবদ্ধভাবে বন্ধ ক্লাসরুমের দরজায় লাথি মারতে দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা ঠিকমতো স্কুলে আসেন না। তাই নিয়মিত সঠিক পাঠদান হয় না বিদ্যালয়টিতে।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সামসুন্নাহার, সিয়াম, মাজেদুল, স্বপন জানায়, শিক্ষকরা দিনের পর দিন স্কুলে আসেন না। সময় মতো পাঠদান হয় না। শিক্ষকরা যাতে নিয়মিত হয়, সে জন্য আজ আন্দোলনে নেমেছে তারা। পরে স্থানীয়রা গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।

স্থানীয় বাসিন্দা মাসুদ শেখ জানান, দীর্ঘদিন থেকে বিদ্যালয়টির এমন অবস্থা। পাঁচজন শিক্ষকের কেউ নিয়মিত বিদ্যালয়ে আসেন না। বর্তমান প্রধান শিক্ষক ইসরাত জাহান দায়িত্ব নেওয়ার পর এমন অবস্থা হয়েছে। তাই আজকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে।

এ বিষয়ে তথ্য জানতে প্রধান শিক্ষক ইসরাত জাহানের মোবাইলফোনে কয়েকবার ফোন দিলেও রিসিভ করেননি।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, বিযয়টি তার নজরে এসেছে। শিক্ষকরা কেন বিদ্যালয়ে গেলেন না, তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগির এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ