Dhaka Mail Logo

সারাদেশ

গ্রেফতারের ১৫ দিন পর দুই শর্তে জামিন পেল স্কুলছাত্র

জেলা প্রতিনিধি

১৭ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম

লক্ষ্মীপুরের রামগতিতে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা মামলায় গ্রেফতার স্কুলছাত্র মো. রিমন জামিন পেয়েছে। প্রতি সোমবার (১৭ আগস্ট) আদালতে হাজিরা এবং নিষিদ্ধ সংগঠনের মিছিলসহ কোনো কার্যক্রমে অংশ না নেওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদেকুর রহমান এ জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুর রব সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী আব্দুর রব সুমন বলেন, গত ২ আগস্ট বিকেলে রামগতির চররমিজ ইউনিয়নের চরমেহার গ্রাম থেকে রিমনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে গাজীপুরের শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠান।

তিনি বলেন, রিমন স্কুলছাত্র। জন্মনিবন্ধন অনুযায়ী তার বয়স ১৪ বছর ২ মাস। অথচ মামলার এজাহারে তার নাম ‘বাচ্চু প্রকাশ রিপন’ এবং বয়স ১৯ বছর উল্লেখ করা হয়েছে। জন্মনিবন্ধনের সঙ্গে মামলার নাম ও বয়সের মিল নেই। আদালতে সোপর্দের সময় তদন্ত কর্মকর্তা নাম সংশোধন করলেও বয়স ১৩ বছর ১১ মাস ২৯ দিন উল্লেখ করেন।

আরও পড়ুন

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ায় ১৪ বছরের স্কুলছাত্র কারাগারে

জামিন পাওয়া রিমন রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। সে চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ সময় জননিরাপত্তা বিপন্ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা এবং মিছিলের ভিডিও ধারণ করে বিভিন্ন মাধ্যমে প্রচারের অভিযোগও করা হয়।

এ ঘটনায় ৪ জুন রামগতি থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে রিমনসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রতিনিধি/এসএস