Dhaka Mail Logo

সারাদেশ

ঘুমধুম সীমান্তে অভিযান, ২ লাখ ইয়াবা ফেলে পালাল পাচারকারী

জেলা প্রতিনিধি

১৭ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

রোববার রাত সোয়া ৯টার দিকে সীমান্ত পিলার-৩১ সংলগ্ন কাঁকড়া ব্রিজ এলাকায় এ অভিযান চালানো করা হয়।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম। 

বিজিবি বলছে, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদে কাঁকড়া ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাদকদ্রব্য ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সক্রিয় রয়েছে। সীমান্তে মাদক চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

বিজিবি জানিয়েছে, উদ্ধার ইয়াবাগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এলএ