Dhaka Mail Logo

সারাদেশ

ফকিরহাটে জাবি শিক্ষার্থীকে কটূক্তি ও হয়রানির অভিযোগে মামলা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

১৭ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম

সুন্দরবন ভ্রমণ শেষে ফেরার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে কটূক্তি ও হয়রানির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন সুজন মোড়ল (৩৪) ও হুমায়ুন কবীর ওরফে কবীর ফরাজী (৫৭)।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের ওই শিক্ষার্থী তার স্বামী, রুমমেট, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীসহ কয়েকজনের সঙ্গে সুন্দরবন ভ্রমণে যান। রোববার বিকেলে তারা মোংলা থেকে মাহেন্দ্রযোগে ফকিরহাটের কাটাখালী মোড়ে পৌঁছান। পরে যশোর যাওয়ার জন্য একটি মাইক্রোবাস ভাড়া করেন তারা।

ওই শিক্ষার্থীর কাছে পর্যাপ্ত নগদ টাকা না থাকায় বিকাশ থেকে টাকা তুলতে রুমমেটকে সঙ্গে নিয়ে কাটাখালী মোড়ের পুলিশ বক্সের পাশে দিগন্ত পরিবহনের সামনে যান তিনি। সেখানে হুমায়ুন কবীর তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও পোশাক নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ করা হয়েছে। প্রতিবাদ করলে হুমায়ুন কবীর হাতে জুতা নিয়ে তাকে ভয় দেখান। এ সময় সুজন মোড়লও অশালীন মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে বিষয়টি ওই শিক্ষার্থী তার সহপাঠী ও স্বজনদের জানান। তারা ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তির কাছে বিষয়টি জানতে চাইলে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে হুমায়ুন কবীর ওই শিক্ষার্থীর সহপাঠী সিনথিয়া রহমানের নাকে ঘুষি মারেন। তার স্বামী আহম্মেদ জুবায়েরকেও ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী নিশাত তাসমিন টুম্পা বাদী হয়ে রোববার রাতে ফকিরহাট মডেল থানায় হুমায়ুন কবীর ওরফে কবীর ফরাজী ও সুজন মোড়লের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, জাবির এক শিক্ষার্থীকে কটূক্তি ও হয়রানির অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস