Dhaka Mail Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে ২০০ পয়েন্টে বসানো হচ্ছে ডাস্টবিন

জেলা প্রতিনিধি

১৭ আগস্ট ২০২৬, ০৩:৪৯ পিএম

‘পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুর পৌরসভায় ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে ২০০টি প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করা হবে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের চকবাজার এলাকায় সড়কের পাশে ডাস্টবিন স্থাপনের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী জুলফিকার হোসেন, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের জেলা আহ্বায়ক ডা. রত্ন দ্বীপ পাল ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানসহ অনেকে।

পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য গ্রিন অ্যান্ড ক্লিন লক্ষ্মীপুর। এ উদ্দেশে ডাস্টবিন স্থাপন করা হচ্ছে। পর্যায়ক্রমে পুরো লক্ষ্মীপুর পৌরসভায় ডাস্টবিন স্থাপন করা হবে।’ নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য তিনি পৌরবাসীর প্রতি আহ্বান জানান।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০টি ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও এ জন্য কত টাকা ব্যয় হবে এবং অর্থায়নের উৎস কী—এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনায় বর্জ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। পৌরসভার ডাস্টবিনগুলো নগরবাসী ব্যবহার করলে এবং সেখান থেকে পুনর্ব্যবহারযোগ্য উপাদান ও অন্যান্য বর্জ্য আলাদা করে যথাযথভাবে অপসারণ করা হলে বায়ু ও পরিবেশদূষণ কমানো সম্ভব হবে।

প্রতিনিধি/এসএস