Dhaka Mail Logo

সারাদেশ

দীর্ঘ প্রতীক্ষার অবসান, রাজগঞ্জের আটকে থাকা সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলা প্রতিনিধি

১৭ আগস্ট ২০২৬, ০২:৩৭ পিএম

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটলো রাজগঞ্জবাসীর। দীর্ঘদিন ধরে আটকে থাকা নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ টু বাংলাবাজারের বেহাল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজগঞ্জবাজারের এই সড়কের কাজ শেষ না করেই সটকে পড়ে বরাদ্দ পাওয়া ঠিকাদার। 

প্রায় ৭ কিলোমিটার রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ায় দীর্ঘদিন ধরেই ভোগান্তি পোহাতে হয়েছে এ ইউনিয়নের বাসিন্দাদের। খানা-খন্দ, যানবাহন চলাচলে অসুবিধা ও দুর্ঘটনা ছিল নৈমিত্তিক ঘটনা। অবশেষে রাস্তাটি রক্ষণাবেক্ষণের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ায় স্বস্তির নি:শ্বাস ফেলছেন জনবহুল এ ইউনিয়নের বাসিন্দারা। 

রোববার (১৬ আগস্ট) রাজগঞ্জ ইউনিয়নের মাদ্রাসা মাঠে সড়কের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী- ৩ আসেনের সংসদ সদস্য বরকত উল্যা বুলু।

এ সময় তিনি বলেন, এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও অবকাঠামোগত উন্নয়ন আমাদের আমলেই হয়েছে। বিগত ১৭ বছর উন্নয়ন থমকে ছিল এবং বরাদ্দ নেওয়া হলেও কোনো দৃশ্যমান কাজ হয়নি।

বুলু বলেন, বেগমগঞ্জে আগামী দিনের উন্নয়নে এক হাজার কোটি টাকা বরাদ্দ হবে। এ কাজ হলে বেগমগঞ্জে আর কোনও উন্নয়ন বাকি থাকবেনা তখন আমাদের কাজ হলো সহযোগিতা করা। 

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বলেন, ১৯৯১ সাল থেকে শুরু করে দীর্ঘ ৪০ বছর ধরে তিনি এ এলাকার মানুষের সেবা করে আসছেন। এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও অবকাঠামোগত উন্নয়ন তার আমলেই হয়েছে।

ঠিকাদারদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সৎভাবে কাজ করতে হবে এবং নির্ধারিত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি প্রকল্পের কাজে কোনো ধরনের অনিয়ম বা চাঁদা আদায় বরদাস্ত করা হবে না। প্রকৌশলী ও ঠিকাদারদের যৌথভাবে সঠিকভাবে কাজ বুঝিয়ে দেওয়ার তাগিদ দেন তিনি।

e234d01f-b1f1-423c-9cd8-9d835ec13e4d

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থ রক্ষায় অবিচল ছিলেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের পরিবার আজীবন ত্যাগ স্বীকার করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রীদের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, চৌমুহনীর খাল উদ্ধার ও পরিষ্কারের জন্য ১৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সরকারি খাল দখলকারী রাঘব বোয়ালদের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। যতই বাধা আসুক না কেন, জনগণের স্বার্থে উন্নয়ন ও সুশাসন বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমানের সভাপতিত্বে সার্বিক সহযোগিতায় ছিলেন বেগমগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল মনছুর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ।

প্রতিনিধি/এআরএম