Dhaka Mail Logo

সারাদেশ

পঞ্চগড়ে মাদক ও স্মার্টফোন আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ

জেলা প্রতিনিধি

১৭ আগস্ট ২০২৬, ০১:৪১ পিএম

কিশোর অপরাধ, মাদক ও স্মার্টফোনের অপব্যবহারকে লাল কার্ড দেখিয়ে শপথ নিয়েছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কয়েক শ শিক্ষার্থী।

সোমবার (১৭ আগস্ট) সকালে দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ আয়োজন করে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা। তিনি শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন এবং মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং জেলা স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক ওয়াসিম আকরাম।

শিক্ষার্থী মুরাদ হোসেন বলে, ‘বাড়িতে বাবা-মা ও বিদ্যালয়ে শিক্ষকেরা ভালো কাজে উৎসাহ দেন এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে বলেন। আজ আমরা সবাই মিলে শপথ করেছি, ভালো মানুষ হব। মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকব।’

5167f212-ffcd-4797-ad68-41bc7ec539b2

আরেক শিক্ষার্থী বলে, ‘আমরা প্রতিদিন একটি করে শপথ পাঠ করলেও আজ দুটি শপথ পাঠ করেছি। উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ করেছি। পাশাপাশি এসব সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়েছি।’

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিন বলেন, শিক্ষার্থীদের এসব বিষয়ে শিক্ষকেরা নিয়মিত সচেতন করেন। লাল সবুজ উন্নয়ন সংঘের শপথ ও লাল কার্ড প্রদর্শনের আয়োজন সামাজিক অবক্ষয় রোধে একটি সুন্দর উদ্যোগ। এভাবে সবাই সচেতন হলে নতুন প্রজন্ম মাদক, অপরাধসহ সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে।

ইউএনও ইন্দ্রজীত সাহা বলেন, শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন এবং মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত রাখতে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগ প্রশংসনীয়। নতুন প্রজন্মকে সামাজিক অবক্ষয় ও অপরাধ থেকে দূরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রতিনিধি/এসএস