জেলা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৬, ০৭:৫৪ এএম
বরিশালের গৌরনদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে লোকমান হোসেন মোল্লা (২৩) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরিকল ইউনিয়ন কমিটির এক প্রভাবশালী সদস্য ও তার স্বজনদের বিরুদ্ধে।
রোববার (১৬ আগস্ট) উপজেলার সরিকল ইউনিয়নের মহিষা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত লোকমান হোসেন বর্তমানে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।
দুপুরে হাসপাতালে চিকিৎসা নিতে এসে লোকমান হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের ১৬ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন একই গ্রামের বাসিন্দা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরিকল ইউনিয়ন কমিটির সদস্য নাসির মোল্লা।
লোকমানের বাবা নিজাম মোল্লা অভিযোগ করেন, তাদের জমি দখলকে কেন্দ্র করে নাসির মোল্লা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছিলেন। এ বিষয়ে তিনি সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুলিশ তদন্ত কেন্দ্রে বিষয়টি নিয়ে সালিশ বৈঠক হয়। সেখানে নাসির মোল্লা তার দাবির পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে সালিশে নিজাম মোল্লার পক্ষে সিদ্ধান্ত দিয়ে রোয়েদাদনামা করা হয় বলে তিনি দাবি করেন।
নিজাম মোল্লা আরও বলেন, রোববার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ওই জমিতে কাজ করছিলেন। এ সময় নাসির মোল্লা, তার ছেলে লিক্সন মোল্লা, লিকন মোল্লাসহ আরও চার-পাঁচজন সহযোগী সেখানে গিয়ে তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে জমি থেকে বের করে দেন। খবর পেয়ে তার ছেলে লোকমান হোসেন ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নাসির মোল্লা ও তার সহযোগীরা সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে লোকমানকে পিটিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ করেন নিজাম মোল্লা।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন নাসির মোল্লা। তিনি বলেন, ওই জমি তাদের পৈতৃক সম্পত্তি। নিজাম মোল্লা ও তার লোকজন জোরপূর্বক জমিটি দখল করে রেখেছেন। বিষয়টি ভিন্ন খাতে নিতে তারা হামলার নাটক সাজিয়েছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি