Dhaka Mail Logo

সারাদেশ

ইউটার্ন নিতে গিয়ে বাইকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কিশোরের

জেলা প্রতিনিধি

১৬ আগস্ট ২০২৬, ১১:৫৫ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. জীবন হোসেন নামে ১৫ বছর বয়সী মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার ইসলামগঞ্জ বাজারের উত্তর পাশে বুরো বাংলাদেশের বজরা শাখার সামনে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের জাহের মিয়ার বাড়ির মো. হোসেনের ছেলে।

পুলিশ জানায়, রাতে নাম্বারবিহীন একটি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল ইউটার্ন নেওয়ার সময় নোয়াখালীগামী একটি ট্রাক সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা জীবন ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এমআর