Dhaka Mail Logo

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ওপর উঠে গেল বাস, নিহত ১

জেলা প্রতিনিধি

১৬ আগস্ট ২০২৬, ১০:৩৯ পিএম

ফেনীগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ফেরত শিক্ষার্থীদের ওপর উঠে গেলে রাইসা নামের এক সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনসভুঞা উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাইসা জায়লস্কর ইউনিয়নের লালপুর গ্রামের মো. শিপন এর মেয়ে। 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সিলোনিয়া হাই স্কুলের ছুটি শেষে শিক্ষার্থীরা হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় সিলোনিয়া বাজার সংলগ্ন মহাসড়কে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে পথচারী ও শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন শিক্ষার্থী ও পথচারী চাপা পড়ে হতাহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থী রাইসাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এ ছাড়া দুর্ঘটনায় আহত অন্তত ৭ জনকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান, স্থানীয়রা সর্বাত্মক সহযোগিতা করে দুর্ঘটনা কবলিত গাড়িটি সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে নিরাপদ যাতায়াতের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে।

ফেনী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ফায়ার সার্ভিস এর কর্মীরা পৌঁছার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

সিলোনিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন জানান, দুর্ঘটনা স্কুলের এক শিক্ষার্থী নিহত ও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুই শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। 

মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

প্রতিনিধি/এজে