জেলা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬, ০৮:৪৬ পিএম
নওগাঁয় গত এক মাসে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করে তা মালিকদের নিকট ফিরিয়ে দিয়েছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি উদ্ধার হওয়া মোবাইল ফোন গুলো মালিকদের হাতে তুলে দেন। এ সময় হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখা, ক্রাইম এবং গোয়েন্দা শাখার একটি টিম গত এক মাস (জুলাই) বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত চালিয়ে মোবাইল ফোন গুলো শনাক্ত ও উদ্ধার করে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে পরিণত হয়েছে। হারানো মোবাইল মালিকদের নিকট ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। নওগাঁ জেলা পুলিশ হারানো সব মোবাইল উদ্ধারের জন্য সর্বদাই তৎপর রয়েছে এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এসময় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এজে