Dhaka Mail Logo

সারাদেশ

যবিপ্রবিতে প্রথমবার ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’, এক মলাটে প্রয়োজনীয় তথ্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৬ আগস্ট ২০২৬, ০৭:৪৩ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আটটি অনুষদের অন্তর্ভুক্ত ৩৮টি বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো প্রস্তুতকৃত ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’-এর মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্দেশিকার মোড়ক উন্মোচন করেন।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই হ্যান্ডবুকটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি পদক্ষেপে দিকনির্দেশনা দিতে এই হ্যান্ডবুকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অর্জনসমূহ, সব অফিস, দপ্তর ও বিভাগসমূহের সিটিজেন চার্টার, সব বিভাগের পরিচিতি, অ্যাকাডেমিক ক্যালেন্ডার, অ্যাকাডেমিক অর্ডিন্যান্স, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নিয়মাবলি, লাইব্রেরি ও ল্যাব ব্যবহারের নীতিমালা, বৃত্তি ও আর্থিক সহায়তা, হল ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বিধিসহ প্রয়োজনীয় সব তথ্য বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সহজ করতেই আমাদের এই উদ্যোগ। প্রথমবারের মতো প্রকাশিত এই হ্যান্ডবুকটি শিক্ষার্থীদের সময় বাঁচাবে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও শিক্ষার্থীবান্ধব করে তুলবে। নতুন শিক্ষার্থীরা যাতে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে, বিশ্ববিদ্যালয়ে তাদের প্রাপ্ত সেবা সম্পর্কে এবং বিশ্ববিদ্যালয় জীবনে তাদের করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে সম্মুখ ধারণা পেতে পারে তারই একটি মাধ্যম হবে এই হ্যান্ডবুকটি।” বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দ্রুতই এই হ্যান্ডবুকটির প্রিন্ট কপি প্রতিটি বিভাগের ২০২৫-২০২৬ সেশনের শিক্ষার্থীদের মাঝে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক. ড. শেখ মিজানুর রহমান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মরিয়ম জামিলা, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. মজনুজ্জামান, বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার ও উপ-রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) নিত্যানন্দ পাল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন।

প্রতিনিধি/ এজে