জেলা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম
‘গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার আমলে চিকিৎসা খাতকে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
‘এই অবস্থা থেকে উত্তরণে আগামী ৩ বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যাবিশিষ্ট করা হবে’ বলে জানিয়েছেন তিনি।
রোববার সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ২৫০ শয্যাবিশিষ্ট ঝিনাইদহ সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরও জানান, স্বাস্থ্য খাতকে গতিশীল করতে দেশে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। হাসপাতাল ও উপজেলা কমপ্লেক্স পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী রোগীদের খোঁজ-খবর নেন ও একজন গরিব রোগীকে নগদ আর্থিক সহায়তা দেন। সে সময় স্বাস্থ্যমন্ত্রী সেবা নিতে আসা রোগীদের সঙ্গে খোলামেলা কথা বলে সমস্যার কথা জানতে চান।
তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় জানান, গ্রামে স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে। আমরা সারাদেশে সে লক্ষ্যে কাজ করছি।
প্রতিনিধি/এলএ