জেলা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬, ০৬:০১ পিএম
বরগুনার আমতলীতে নবম শ্রেণির শিক্ষার্থী জাবেদ ইমন (১৫) হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়।
রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমতলী পৌর শহরের চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ইমন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তারা।
নিহত জাবেদ ইমন আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব আরপাঙ্গাশিয়া গ্রামের আউয়াল প্যাদার ছেলে। সে আমতলী সরকারি এ কে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।
বিক্ষোভকারীরা বলেন, একজন স্কুলছাত্রকে এভাবে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
২৯ জুলাই আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া স্লুইস গেট এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় জাবেদ ইমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পুলিশের প্রচেষ্টায় নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। ইমনের পরিচয় প্রকাশের পর পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মাত্র ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায়ও শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
প্রতিনিধি/এলএ