জেলা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে বন্ধুর ছুরিকাঘাতে রাজধানী পরিবহন নামে একটি বাসের হেলপার নিহত হয়েছেন। মাদকের টাকাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাকিল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকাশ মিয়া(২২) নওগাঁর বদলগাছী উপজেলার আটাপাড়া পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে। আকাশ কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থেকে রাজধানী পরিবহনের একটি বাসে হেলপারের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড এলাকায় মাদক নিয়ে চার বন্ধুর মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে এক বন্ধুর ছুরিকাঘাতে আকাশ গুরুতর আহত হন। এ সময় অন্য তিন বন্ধু দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মাদক নিয়ে চার বন্ধুর মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এক বন্ধু বাসের হেলপার আকাশকে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে শাকিল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
প্রতিনিধি/ এজে