জেলা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম
বরিশালের আধুনিক তথ্য কমপ্লেক্স শুধু তথ্যসেবা নয়, বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি। তিনি বলেন, এই কাজকে খুব দ্রুত সেবা দেওয়ার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রথমে যারা এটি ব্যবহার করতে পারেন, তারা হচ্ছেন সাংবাদিকরা। আমার আহ্বান থাকবে, তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবেন বরিশালের গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা।
রোববার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর কাশীপুরে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, তথ্য কমপ্লেক্সে প্রতিদিন চারটি করে সিনেমা প্রদর্শন করা সম্ভব হবে। দর্শনার্থীরা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে টিকিট কেটে এসে ভালো ভালো ছবি দেখতে পারবেন। এ ধরনের বহুমুখী তথ্যসেবা, বিনোদন সেবা, জ্ঞান আহরণ ও গবেষণার সেবা দেওয়ার জন্যই এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করা হয়েছে।
তিনি বলেন, প্রকল্পের কাজ শেষ হওয়ার পর সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ‘ডিজিটাল বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করা হবে। তথ্য কমপ্লেক্সের কার্যক্রম দ্রুত, সেবামুখী ও দক্ষ করে তুলতে সাংবাদিকদের অগ্রাধিকার দিয়ে এটি ব্যবহারের আহ্বান জানান তিনি।
১৭ কোটি টাকা বরাদ্দে নির্মাণ হতে যাওয়া বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এখানে বিশ্বের অন্যতম সমৃদ্ধ তথ্যভাণ্ডার ও আর্কাইভ গড়ে তোলার পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, সরকার দেশে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর তথ্য কমপ্লেক্স তৈরির কাজ করছে। প্রযুক্তির বিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বাংলাদেশও আগামীর পথে এগিয়ে যাবে। শুধু প্রচলিত অর্থে উন্নয়ন নয়, আধুনিক জ্ঞাননির্ভর উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং গণপূর্ত বিভাগের আয়োজনে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবুল জলিল।
অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, পুলিশের ডিআইজি জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার আবু সালেহ মোহাম্মদ রায়হানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এজে