জেলা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম
‘জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশ নিয়ে কোনো ছিনিমিনি খেলা যাবে না’ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে বাংলাদেশে ফ্যাসিবাদের বিচার হবে এবং তা কোনো গোপন বিষয় নয় বলেও সাফ জানিয়ে দেন দেন তিনি।
রোববার বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা মতবিনিময় করেন।
আইনমন্ত্রী বলেন, জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ নেই। বাংলাদেশে ফ্যাসিবাদের সুযোগ দেওয়া যাবে না। ফ্যাসিবাদের বিচার হবে উপযুক্ত আদালতে। এমন আদালতেই এ বিচার হবে, যা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না।
সভায় স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী মো. জহির উদ্দিন স্বপন। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট মো. জয়নুল আবেদিন এমপি।
বিশেষ অতিথি ছিলেন- বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
গেস্ট অব অনার ছিলেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য মো. মজিবর রহমান সরওয়ার এমপি।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদ।
প্রতিনিধি/এলএ