Dhaka Mail Logo

সারাদেশ

সড়ক প্রশস্ত করতে প্রতিবেশীর ১৩ গাছ কাটার অভিযোগ

জেলা প্রতিনিধি

১৬ আগস্ট ২০২৬, ০২:৪০ পিএম

কুমিল্লার দেবীদ্বারে চলাচলের সড়ক প্রশস্ত করতে প্রতিবেশীর অনুমতি ছাড়া ১৩টি ফলজ ও কাঠ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শাহজাহান মিয়া দেবীদ্বার থানায় লিখিত অভিযোগ করেছেন।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের ময়নাল দারোগার বাড়িতে গিয়ে গাছ কাটার চিত্র দেখা যায়।

অভিযোগ অনুযায়ী, বাড়িতে প্রবেশের ব্যক্তিগত সড়ক প্রশস্ত করার জন্য প্রতিবেশী মিজানুর রহমান ও আব্দুর রাজ্জাক শাহজাহান মিয়ার ছয়টি ফলন্ত নারকেলগাছ, একটি সুপারি গাছসহ মোট ১৩টি ফলজ ও কাঠ গাছ কেটে ফেলেন।

প্রতিবেশী মিজানুর রহমান বলেন, সড়ক প্রশস্ত করার বিষয়ে তিনি শাহজাহানের সঙ্গে কথা বলতে ঢাকায় তার বাসায় গিয়েছিলেন। শাহজাহান রাস্তার জন্য জায়গা দিতে রাজি হননি। পরে তার ভাইয়ের অনুমতি নিয়ে কয়েকটি গাছ কাটা হয়। তবে অনুমতি ছাড়া গাছ কাটার জন্য তার ছেলেরা শাহজাহানের কাছে ক্ষমা চেয়েছেন।

43b7fde9-146a-486c-9dd9-b2f7218b4fca

ভুক্তভোগী শাহজাহান মিয়া বলেন, তিনি ঢাকায় থাকার সুযোগে তার অনুমতি না নিয়েই গাছগুলো কেটে ফেলা হয়েছে। তার ভাষ্য, গাছগুলো তার বাবার লাগানো স্মৃতি। অনুমতি ছাড়া গাছ কেটে ফেলায় তিনি থানায় অভিযোগ করেছেন।

আব্দুর রাজ্জাক বলেন, তাদের চলাচলের রাস্তাটি ৫০ থেকে ৬০ বছরের পুরোনো। রাস্তা প্রশস্ত করার বিষয়ে শাহজাহানের সঙ্গে একাধিকবার কথা বলা হয়েছে। পরে তার ভাইয়ের অনুমতি নিয়ে কয়েকটি গাছ কাটা হয়। তবে অনুমতি ছাড়া গাছ কাটার জন্য তিনি ক্ষমা চেয়েছেন এবং ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

সাবেক ইউপি চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জারু বলেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত রাস্তা বন্ধ করার সুযোগ নেই—এমন সিদ্ধান্ত স্থানীয় সালিসে দেওয়া হয়েছে। গাছ কাটার জন্য এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তও হয়েছিল। তবে শাহজাহান রাস্তার জন্য জমি ছাড়তে রাজি নন বলে তিনি শুনেছেন।

f1c94958-08ce-434d-86ec-897c4b82b073

বড়শালঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল বলেন, রাস্তাটি ওই এলাকার দুই পরিবারের চলাচলের জন্য প্রয়োজন। তবে জমি ও গাছের মালিককে না জানিয়ে এতগুলো গাছ কেটে ফেলা ঠিক হয়নি। পরে বৈঠকে গাছ কাটার ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা দেওয়ার কথা হলেও এখন তা দেওয়া হচ্ছে না বলে শুনেছেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সড়ক প্রশস্ত করতে গাছ কাটার বিষয়টি পারিবারিক বিরোধের মধ্যে পড়ছে। স্থানীয়রা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছেন। সেখানে সমাধান না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস