Dhaka Mail Logo

সারাদেশ

লালমনিরহাটে ১৫০ কোটি টাকায় মাদক নিরাময় কেন্দ্র স্থাপন হবে: দুলু

জেলা প্রতিনিধি

১৬ আগস্ট ২০২৬, ০১:৫০ পিএম

সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ প্রকল্পে সরকার ১৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানান তিনি। আগামী এক বছরের মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে লালমনিরহাট শহরের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় লালমনিরহাটে মাদক প্রবেশের ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি আসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন এবং সামাজিক সচেতনতা কার্যক্রমও সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।

মন্ত্রী বলেন, মাদকাসক্ত তরুণদের চিকিৎসার পাশাপাশি তাদের পরিবারকেও প্রয়োজনীয় সহায়তার আওতায় আনা জরুরি। বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপনের পর লালমনিরহাটে মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ উদ্যোগের মাধ্যমে মাদক, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া, ঘুষ ও দুর্নীতিসহ বিভিন্ন সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসম্পৃক্ততা বাড়ানো হচ্ছে। এ কার্যক্রম আরও জোরদার করা গেলে লালমনিরহাটকে মাদক নিয়ন্ত্রণে একটি দৃষ্টান্তমূলক জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

31a73478-94ee-490e-911d-b88487f3d7e1

বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ায় তারা উচ্চশিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে। তাই মেয়েদের শিক্ষা অব্যাহত রাখার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধেও সবাইকে সচেতন হতে হবে।

শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষকদের প্রতি সম্মান বজায় রাখতে হবে। একই সঙ্গে কোনো ধরনের হয়রানি বা নির্যাতন যাতে শিক্ষার পরিবেশ নষ্ট না করে, সে বিষয়েও সবাইকে দায়িত্বশীল হতে হবে।

‘আলোকিত লালমনিরহাট’ উদ্যোগের লক্ষ্য তুলে ধরে দুলু বলেন, এর উদ্দেশ্য শুধু বিদ্যুতের আলোয় জেলা আলোকিত করা নয়, মানুষের বিবেক, মূল্যবোধ ও মানবিকতার আলো জ্বালানো। পরিবারে শান্তি এবং সমাজে অপরাধ ও অসঙ্গতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়েই একটি আলোকিত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার একেএম ফজলুল হক, কলেজের উপাধ্যক্ষ ও অনুষ্ঠানের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, প্রকৌশলী মো. গোলাম মোস্তফা এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল করিম সাদেকী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। মন্ত্রী ও অতিথিরা তা উপভোগ করেন।

প্রতিনিধি/এসএস