জেলা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬, ০১:২৯ পিএম
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, নিষিদ্ধ জাল ও ফাঁদ দেশীয় মাছ ও ইলিশ উৎপাদনের অন্যতম প্রতিবন্ধক। বিশেষ করে ‘চায়না দুয়ারি’ জালের ব্যবহার বন্ধ করা গেলে দুই বছরের মধ্যে মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সম্মিলিত প্রচেষ্টা থাকলে বড় ধরনের সমস্যাও সমাধান করা সম্ভব। নদীকেন্দ্রিক জেলা চাঁদপুরে ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, জাটকা ও মা ইলিশ রক্ষায় সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলেও সেগুলো বাস্তবায়নে সবার সম্পৃক্ততা থাকে না। শুধু প্রশাসনের পক্ষে এ কাজ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। জেলে থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই এর সুফল সবাই ভোগ করতে পারবেন।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট সিফাত খালিদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদ এবং চাঁদপুর মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ বি এম মোস্তফা কামাল।

বক্তারা বলেন, ইলিশ উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে ভূমিকা রাখতে হবে। নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালসহ অন্যান্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা না গেলে মাছের পাশাপাশি নদীর জলজ প্রাণবৈচিত্র্যও হুমকির মুখে পড়বে।
আলোচনা সভা শেষে কার্পজাতীয় মাছের পোনা উৎপাদনে মো. ইমাম হোসেন, মনোসেক্স তেলাপিয়া উৎপাদনে মো. শরীফ হোসেন এবং কার্পজাতীয় মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্টদের সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
চাঁদপুর জেলা মৎস্য বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এসব কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা-কর্মী, মৎস্য ব্যবসায়ী ও জেলেরা অংশ নেন।
প্রতিনিধি/এসএস