জেলা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬, ০৯:৩৩ এএম
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ (বিএলভি)।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে নগরের সপুরা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মাদরাসার শিক্ষার্থীদের বিভিন্ন প্রজাতির গাছ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব ও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রবি। এতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।

এ সময় ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ওয়ার্ড বিএনপির সদস্যসচিব আবু জাফর আলমগীর বাবু, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইশতিয়াক আহমেদ সজল, বিএলভির জ্যেষ্ঠ সদস্য সোহানুর রহমান, সেলিম রেজা ও কাজী রুপমসহ অনেকে উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে জাম, কাঁঠাল, পেয়ারা, খেজুর, লেবু, তেঁতুল, নিম, জলপাই, আমলকী, মেহগনি, কদবেল, কৃষ্ণচূড়া, নয়নতারা, বহেরা, ছাতিম, দেবদারু ও জারুলসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ ও উপহার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম রবি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। আমরা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এ কর্মসূচি অব্যাহত রেখেছি। সবাইকে বৃক্ষরোপণ করতে হবে। গাছ আমাদের পরম বন্ধু। তাই গাছকে ভালোবাসতে হবে।’
তিনি কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

বিএলভির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী ধীরে ধীরে বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বিপ্লব ঘটিয়ে পৃথিবীকে বাসযোগ্য করার লক্ষ্যেই তাঁদের এ ক্ষুদ্র প্রয়াস। সবাইকে নিজ নিজ বাসা ও অফিসে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে শিক্ষার্থী ও এলাকাবাসী সংগঠনটির উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বিপ্লব ঘটিয়ে বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিনিধি/এসএস