জেলা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬, ০৮:০৮ এএম
কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের পাঁচ দিন পর রেনু বেগম (৭৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার বইদ্দার বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রেনু বেগম উপজেলার ধামঘর ইউনিয়নের নহল দক্ষিণপাড়া গ্রামের শামসু মিয়ার স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, রেনু বেগম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগে কয়েকবার নিখোঁজ হওয়ার পর তিনি নিজেই বাড়িতে ফিরে এসেছিলেন। সর্বশেষ গত শুক্রবার তিনি মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় মেয়ে নাসিমা আক্তারের বাসায় বেড়াতে আসেন। এরপর সোমবার থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
আগেও নিখোঁজ হয়ে নিজে নিজে ফিরে আসায় পরিবারের সদস্যরা এবারও তিনি ফিরে আসবেন বলে ধারণা করেছিলেন। এ কারণে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
শনিবার বিকেলে স্থানীয় লোকজন বইদ্দার বিলে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে মুরাদনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রোববার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
প্রতিনিধি/এসএস