জেলা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬, ০৬:০৮ এএম
অনলাইন জুয়ার টাকা লেনদেনে Cashix অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহারের অভিযোগে ১৭টি সিমকার্ডসহ ইয়ামিন চৌধুরী ইমন (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রাত ১০টায় রংপুর মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতার ইমন দিনাজপুর জেলার কোতয়ালীর থানার বরাইপুর এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি বর্তমানে নগরীর পীরজাদাবাদ মাওলানা কেরামত আলী কলেজ রোড এলাকায় বসবাস করেন।
পুলিশ সুত্রে জানা যায়, এদিনরাত সোয়া ৮টায় নগরীর মাওলানা কেরামত আলী কলেজগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোবাইল ফোন ও অনলাইন পেমেন্ট গেটওয়ে Cashix ব্যবহার করে জুয়ার টাকা লেনদেনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একাধিক মোবাইল ফোন ও ১৭ টি সিমকার্ডসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এছাড়াও তার নামে নিবন্ধিত ১টি সিমকার্ড, যা ‘রায়ান মেডিকেল স্টোর’ নামে বিকাশ মার্চেন্ট পেমেন্টে নিবন্ধিত।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানান, প্রাথমিকভাবে তথ্য ও উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে অনলাইন জুয়ার টাকা লেনদেনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়াও অনলাইন জুয়া, অবৈধ আর্থিক লেনদেন ও প্রযুক্তিনির্ভর অপরাধ প্রতিরোধে রংপুর মেট্রোপলিটন পুলিশ নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি।
প্রতিনিধি/এএম