জেলা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬, ০৬:৩০ এএম
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে এসে থানা গেটের সামনেই আবু তাহের মজুমদার (৭৫) নামে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে চৌদ্দগ্রাম থানার প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।
নিহত আবু তাহের মজুমদারের বাড়ি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মজুমদার বাড়িতে।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন সকালে বড় ছেলে শহিদুল ইসলাম মজুমদার শরীফের (৩২) বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ দিতে থানায় আসেন আবু তাহের মজুমদার। এজন্য থানার পাশে একটি দোকান থেকে লিখিত অভিযোগের কপি প্রস্তুতও করেন তিনি। পরে অভিযোগপত্র নিয়ে থানার মূল ভবনে প্রবেশের সময় হঠাৎ থানার প্রধান ফটকের সামনেই পড়ে যান।
পরে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় তার সঙ্গে শ্বাসকষ্টের জন্য ব্যবহৃত একটি ইনহেলার পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের মজুমদারের ছেলে শহিদুল ইসলাম মজুমদার শরীফ মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল বলে অভিযোগ রয়েছে।
বিভিন্ন সময়ে তিনি তার পিতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলেও স্থানীয়রা জানান।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এদিন সকালে শরীফ বসতঘরে প্রবেশ করে তার পিতাকে কিল-ঘুষি দিয়ে মারধর করেন। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘থানায় অভিযোগ দিতে এসে এক বৃদ্ধ থানা ফটকের সামনে পড়ে যাওয়ার খবর পাই। পরে থানার পুলিশসহ প্রত্যক্ষদর্শীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’
প্রতিনিধি/এএম