জেলা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬, ১২:০৭ এএম
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত আরাবি শহরের ঝিনাইদহ পৌর শহরের মডার্ন মোড় এলাকার বাসিন্দা শামীম আহমেদের ছেলে। সে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় আরাবি। এরপর সে আর বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে।
এক পর্যায়ে রাত ৮টার দিকে সদর উপজেলা পরিষদের পুকুরের পাশে তার পরিহিত প্যান্ট পড়ে থাকতে দেখে আরাবির মা কান্নাকাটি করতে থাকে।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে আরাবী নামে ওই স্কুল ছাত্রকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। পরে শিশুটির নিথর দেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়।
ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী বলেন, হাসপাতালে পৌছানোর অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
প্রতিনিধি/এএম