জেলা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় এক আওয়ামী লীগ সমর্থকের একটি চিঠি পাওয়া গেছে।
ওই চিঠিতে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি ‘জুলাইয়ের ষড়যন্ত্রমূলক’ মামলা থেকে শেখ হাসিনাকে হেফাজত এবং দেশে ‘মিথ্যা হত্যা মামলা’ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হেফাজত করতে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
শনিবার মাজারের দানবাক্স ও দানের ডেগের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়।
চিঠির লেখক হিসেবে আওয়ামী লীগ সমর্থক ‘সজিব’ নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। চিঠিতে নিজেকে গাজীপুর জেলার বাসিন্দা বলে উল্লেখ করেছেন তিনি।
চিঠিতে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে তিনি লেখেন, ‘হে আল্লাহ তুমি মহান! আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়িয়ে দেন।’
এরপর ‘প্রত্যাবর্তন-২’ শিরোনামে ‘শেখ হাসিনা ডিসেম্বর-২০২৬’ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জুলাইয়ের মামলা থেকে শেখ হাসিনা এবং হত্যা মামলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হেফাজতের জন্য প্রার্থনা করা হয়।
এদিন ডেগ ও দানবাক্সে বিপুলসংখ্যক টাকার পাশাপাশি আরও কয়েকটি চিঠি পাওয়া যায়। ভিন্ন ভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে এসব চিঠি লেখা হয়েছে।
এর মধ্যে ‘হেনা’ নামে এক নারীর লেখা চিঠি পাওয়া যায়। চিঠিতে স্বামীকে বিপথ থেকে ফিরিয়ে আনতে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি। একই সঙ্গে যারা তার স্বামীকে বিপথে নিয়েছে তাদের বিচার এবং পৃথিবী থেকে মাদকদ্রব্য নিশ্চিহ্ন করার জন্যও প্রার্থনা করেন।
প্রতিনিধি/এলএ