Dhaka Mail Logo

সারাদেশ

বন্দুক দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল নিজেই

জেলা প্রতিনিধি

১৫ আগস্ট ২০২৬, ০৯:৩৫ পিএম

জমি নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জে এক ব্যক্তিকে বন্দুক দিয়ে ফাঁসাতে গিয়ে মো. দিনা ওরফে দিদার নামে এক ব্যক্তি নিজেই ফেঁসে গেছেন। ইতোমধ্যে ডিবি পুলিশ সদর থানায় অস্ত্র মামলা দিয়ে তাকে আদালতে পাঠিয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।

শনিবার বিকেলে জেলার ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মানবেন্দ্র মানব ঢাকা মেইলকে এই বিষয়টি নিশ্চিত করেন। এই ঘটনায় দুজনকে আসামি করে সদর থানায় অস্ত্র মামলা করা হয়েছে।

আসামিরা হলেন- মো. দিনা ওরফে দিদার। তার বাড়ি সদর উপজেলার দেড়গ্রাম এলাকায় এবং একই উপজেলার বরাই গ্রামের মো. স্বাধীন। তবে তিনি পলাতক রয়েছেন।

ডিবি পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ডিবি পুলিশের একটি দল অবস্থান করছিল। এসময় দিদার ডিবি পুলিশদের জানান, বরাই গ্রামের রামপ্রসাদ ঘোষের বাড়িতে দুইটি পাইপগান আছে। রাতেই দিদারকে সঙ্গে নিয়ে রামপ্রসাদ ঘোষের বাড়িতে যায় ডিবি পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে কোনো অস্ত্র পাওয়া যায়নি। পরে শুক্রবার ভোরে ৫টার দিকে দিদারের দেখানো স্থান থেকে রামপ্রসাদের বাড়ির পাশে সেপটিক ট্যাংকের কাছে মাটিতে পুঁতে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দুটি পাইপগান পাওয়া যায়।

অস্ত্র উদ্ধারের পর দিদারের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দিদার স্বীকার করেন পূর্বশত্রুতার জেরে রামপ্রসাদ ঘোষকে ফাঁসানোর জন্য স্বাধীন ও দিদার সেখানে পাইপগান দুটি পুঁতে রেখেছিলেন। 

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানবেন্দ্র মানব বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি- জমি নিয়ে বিরোধের কারণে পূর্বশত্রুতার জেরে এই ঘটনটি ঘটিয়েছেন দিদার। স্বাধীনকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

প্রতিনিধি/এলএ