Dhaka Mail Logo

সারাদেশ

‘শোক দিবসে’ কাঙালি ভোজ, আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৫ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম

চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সাঁতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-মধ্য ইচুলী গ্রামের ফারদিন রহমান (১৯), মো. সাকিব (১৭), মো. সাইফ পাটোয়ারী (২১), রিফাত তালুকদার (২০), মধ্য তরপুরচন্ডী গ্রামের মিজানুর রহমান (২৫), ওয়্যারলেস মুন্সী বাড়ির ফাহিম মাঝি (১৮), দক্ষিণ গুনরাজদীর মো. শাওন (১৬), হাইমচর উপজেলার নয়ানী পাটোয়ারী বাড়ির মো. জিহান (১৫) এবং মধ্য ইচুলী শেখ বাড়ির মো. মনজুর মাঝি (৫৮)।

পুলিশ জানায়, শোকাবহ আগস্ট উপলক্ষ্যে আয়োজিত কাঙালি ভোজের কার্যক্রম চলাকালে তাদের উপস্থিতির বিষয়টি নজরে আসে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত ও যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, আটকদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়ায় বয়স ও সংশ্লিষ্টতার বিষয়টি বিশেষভাবে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/ এজে