জেলা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম
চট্টগ্রামে জাহাজের ‘বিষাক্ত গ্যাসে’ নিহত রানা মিয়া (২৩) ও খোকন মিয়ার (২৬) বাড়ি মরদেহ গাইবান্ধায়। সেখানে মরদেহ পৌঁছামাত্র স্বজনদের আহাজারি শুরু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় অ্যাম্বুলেন্সযোগে নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। এরপর বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
নিহতদের মধ্যে রানা মিয়া গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কুপতলা গ্রামের হারুন অর রশিদের ছেলে। আর খোকন মিয়া সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্র জানায়, রানা মিয়া ২০২৩ সালে সাদুল্লাপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর কোনো কর্ম না পেয়ে তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের একটি কারখানায় শ্রমিকের চাকরি নেন। তিন বছরের মাথায় চট্টগ্রামে জাহাজের ‘বিষাক্ত গ্যাসে’ রানা মিয়ার মৃত্যু হলো।
রানার মা মনোয়ারা বেগম বলেন, হামারে কষ্ট দূর করার জন্য ব্যাটাটা চাকরির গেছিল। ওকে নিয়ে মেলা আশা ছিল। টাকা আয় করবে। ঘর বাড়ি করবে, আমাদের সংসারে আর অভাব থাকবে না। কিন্তু কপালে সইলো না। সব আশা শেষ হয়ে গেল।
অন্যদিকে খোকন মিয়ার পারিবারিক সূত্র জানায়, পরিবারের সবার ছোট খোকন। তার স্ত্রী দুই বছরের সন্তানকে নিয়ে ঢাকায় বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। প্রায় ছয় মাস আগে খোকন চট্টগ্রামে জাহাজ কোম্পানির চাকরিতে যান।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া ‘বিষাক্ত গ্যাসে’ নয়জন নিহত হয়েছেন।
ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় খোকন মিয়ার মৃত্যু হয়। একই ঘটনায় রানা মিয়াও মারা গেছেন।
প্রতিনিধি/এএইচ