জেলা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৬, ০৮:২১ পিএম
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়ায় উপজেলাজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এমপি আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ফেসবুক লাইভে এসে প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও হামলার ঘটনায় জড়িতদের আটকের জোর দাবি জানান।
তিনি দাবি করেন, এ হামলার সাথে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা জড়িত। দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হামলায় এমপি আঘাতপ্রাপ্ত হননি। তবে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। বিস্তারিত পরে জানা যাবে।
জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান বলেন, উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয় নিয়ে আজ ধানগড়া বাজারে জরুরি মতবিনিময় সভা ছিল। সভাস্থলেই এ হামলার ঘটনা ঘটেছে। আমি শহরে থাকায় সেখানে উপস্থিত ছিলাম না। একটু আগে বিষয়টি জানার পর রায়গঞ্জের উদ্দেশে রওনা হয়েছি।
রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির গোলাম মর্তুজা হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো হামলার ঘটনাই ঘটে নাই। এমপি সাহেব একটা সিনক্রিয়েট করছে। গাড়ির গ্লাস কীভাবে ভাঙল- সেটা তারাই বলতে পারবে।
তিনি আরও বলেন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের জন্য অনেক আগেই রায়গঞ্জ পৌরসভার কাছে দেড় একর জায়গায় স্থান নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বরাদ্দ আসার পর এমপি আইনুল হক সেটি চান্দাইকোনা এলাকায় নিতে চাইছিলেন। কিন্তু ধানগড়ার লোকজন যারা বিএনপি করে তারাও এটা মেনে নিতে পারেনি। সেই জন্য আজকে একটি মতবিনিময় সভায় করতে এসেছেন, কিন্তু কেউ তার কথায় মত দেয় নাই।
এমপি সাহেব যাওয়ার সময় লোকজনের ওপর গাড়ি তুলে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
প্রতিনিধি/এলএ