জেলা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৬, ০৭:২৭ পিএম
নানা সময় বিতর্কিত ও বেফাঁস মন্তব্য করে আলোচিত-সমালোচিত কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা এবার সদর আসনের জন্য আগামী পাঁচ বছর নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে আলোচনায় এসেছেন।
শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজ সংসদীয় এলাকার মানুষের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে এমন দাবি করতে দেখা যায় তাকে।
ওই ভিডিওতে আমির হামজা নিজের সংসদীয় আসনের উন্নয়ন কর্মকাণ্ডের প্রক্রিয়া নিয়ে কথা বলেন।
মুফতি আমির হামজা বলেন, আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?
উন্নয়ন কাজের কৃতিত্ব নিয়ে জনসাধারণের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন জামায়াতের এই আলোচিত সংসদ সদস্য। তিনি বলেন, ফেরেশতারা কী বলে? আর মানুষ নাচে যে উন্নয়ন কাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।
আরও পড়ুন
‘আমি আর এসবের মধ্যে নেই’- ক্ষমা চাইলেন আমির হামজা, সতর্ক করল জামায়াত
ওয়াজে রাশমিকাকে নিয়ে কী বলেছিলেন আমির হামজা?
কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারিত্ব ও কৃতিত্ব নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিনের সঙ্গে সংসদ সদস্য আমির হামজার কিছুদিন ধরে টানাপোড়েন চলছে। সে প্রসঙ্গেই এই বক্তব্য দেন বলে জানা গেছে।
জামায়াতের এই সংসদ সদস্য এর আগেও নানা সময় বিতর্কিত ও বেফাঁস মন্তব্য করে তুমুল আলোচিত ও সমালোচিত হয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে কুষ্টিয়ার সরকারি হাসপাতাল প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘কুষ্টিয়ায় ওপরওয়ালা কেউ নেই, ওপরওয়ালা এখন আমি।’
নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরনো ভিডিওতে বিএনপির প্রয়াত নেতা আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে অবমাননাকরভাবে উপস্থাপনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিএনপি এ বক্তব্যের প্রতিবাদ জানায় এবং পরে তার বিরুদ্ধে মানহানির মামলাও হয়। আমির হামজা অবশ্য দাবি করেন, ভিডিওটি পুরনো এবং কাটাছেঁড়া করে ছড়ানো হয়েছে। এছাড়াও বিভিন্ন সময় নানা বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচিত হয়েছেন তিনি।
প্রতিনিধি/এলএ