জেলা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম
সাতক্ষীরার কালীগঞ্জে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় আবু রায়হান (৩০) নামে এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা ও পেশায় হ্যামকো কোম্পানির ডেলিভারি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কালীগঞ্জ ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক হ্যামকোর ডেলিভারি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে সড়কের ওপর ছিটকে পড়েন আবু রায়হান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সুরতহাল শেষে মরদেহ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।
কালীগঞ্জ থানার ওসি জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পলাতক চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।
প্রতিনিধি/এজে