জেলা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৬, ০৩:১৬ পিএম
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন আসিফ (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার টাঙ্গাইল-কালামপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আসিফ টাঙ্গাইল সদর উপজেলার চর পাতুলী কচুয়াডাঙ্গা এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি টাঙ্গাইল পৌর শহরের হাজী আবুল হোসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (হাবিট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মুরগি বিক্রির জন্য পুটিয়াজানি হাটে যান আসিফ। সেখানে চাচাতো ভাই তামিমকে কাজের কথা বলে তিনি সেখান থেকে চলে আসেন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রাত ৮টা পর্যন্ত তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করেন।
শনিবার সকালে স্থানীয় লোকজন গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবার পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এসএস