Dhaka Mail Logo

সারাদেশ

গাজীপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতের বেশে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

১৫ আগস্ট ২০২৬, ০২:৫৪ পিএম

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ডাকাতের বেশে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ভোররাতে উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুন্নাহার আক্তার উপজেলার নগরবেলা গায়েনবাড়ি এলাকার বাসিন্দা রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের স্ত্রী। হামলায় গুরুতর আহত হয়েছেন মঞ্জুরুল ইসলাম ও তার ১৬ বছর বয়সী মেয়ে শানজিদা আক্তার মিম।

67b0e962-dd2b-4143-b476-baffe53e01de

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে ১০ থেকে ১২ জনের একটি দল মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে তারা। পরে মঞ্জুরুল ইসলামের বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করা হয়।

b6c2e618-ef71-4537-b716-83676aa18e0e

ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ততক্ষণে মঞ্জুরুল ইসলামের স্ত্রী কামরুন্নাহার আক্তার মারা যান। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ডাকাতের বেশে এসে এ হামলা চালিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু হয়েছে। ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছেন। এ ঘটনায় তদন্ত করে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস