Dhaka Mail Logo

সারাদেশ

আঞ্জুমানের সহায়তায় নতুন ঘর পেয়ে আপ্লুত পারভীন

জেলা প্রতিনিধি

১৫ আগস্ট ২০২৬, ০২:৩৭ পিএম

ফেনীর দাগনভূঞায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম’-এর জেলা শাখার সহায়তায় নতুন ঘর পেয়েছেন অসহায় নারী পারভীন আক্তার।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে দাগনভূঞা উপজেলার চাঁদপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে পারভীনের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ঘরবাড়িসহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন তিনি।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল আমিন সরকার। আঞ্জুমান মুফিদুল ইসলাম ফেনী জেলা শাখার সভাপতি ও জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘর নির্মাণের সমন্বয়কারী আসাদুজ্জামান দারা।

aaa067ec-8004-4feb-9fb7-a1ee9026b91d

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত পারভীন আক্তার বলেন, ‘২০২৪ সালের ভয়াবহ বন্যায় আমার ঘরটি পুরোপুরি ধসে যায়। স্বামী পৃথিবীতে নেই। তিন মেয়েকে নিয়ে গত দুই বছর অনেক কষ্টে দিন কাটিয়েছি। নতুন এই ঘরটি পেয়ে আমরা খুবই খুশি। মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি।’

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আল আমিন সরকার বলেন, ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানবিক বিভিন্ন কাজ করে আসছে। একটি অসহায় পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়ে প্রতিষ্ঠানটি চমৎকার সামাজিক ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।’

এ ধরনের মানবিক কার্যক্রমে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

b735afc1-73d4-4c0e-bddc-5d729f5b613a

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আঞ্জুমান মুফিদুল ইসলামের ম্যানেজার (অপারেশন্স) এফ এম ফয়জুর রহমান এবং ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ওমর ফারুক ভুঁইয়া বেলাল। ঘর হস্তান্তর শেষে পরিবারের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন লায়ন হাজী দ্বীন মোহাম্মদ।

efaf62bf-2e81-4c41-a0ae-98ba39de5a59

আঞ্জুমান মুফিদুল ইসলামের ফেনী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক বেলাল জানান, ভবিষ্যতে ফেনীতে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বাড়ানো হবে।

সংশ্লিষ্টরা জানান, দাগনভূঞার চাঁদপুর গ্রামে নির্মিত এই ঘর তৈরিতে প্রায় তিন লাখ টাকা ব্যয় হয়েছে।

প্রতিনিধি/এসএস