Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্রে স্টিকার জালিয়াতি, জরিমানা

জেলা প্রতিনিধি

১৫ আগস্ট ২০২৬, ০২:৩২ পিএম

অগ্নিনির্বাপক যন্ত্রের আসল উৎপাদন ও মেয়াদের তারিখ মুছে নিজেদের তৈরি স্টিকার লাগিয়ে বিক্রির অভিযোগে ফেনীতে ‘মেসার্স তুহিন এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (১৫ আগস্ট) জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি অভিযানের অংশ হিসেবে মহিপালের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের সোনালী ব্যাংক ভবনে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

অধিদফতর সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টা থেকে হাজারী রোড, মহিপাল, লালপোল, ফতেহপুর ও হাজীর বাজার এলাকায় নিত্যপণ্যের বাজার মনিটরিং করা হয়। এ সময় কাঁচামরিচ, ডিম, সবজি, গ্যাস সিলিন্ডার ও সুগন্ধি চালসহ বিভিন্ন পণ্যের ক্রয়-বিক্রয়ের তথ্য যাচাই করা হয়।

3d4e5998-636e-4b9d-b6f9-819b92481510

অভিযানের একপর্যায়ে মহিপালের মেসার্স তুহিন এন্টারপ্রাইজে গিয়ে অগ্নিনির্বাপক যন্ত্রে স্টিকার জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রস্তুতকারক কোম্পানির অগ্নিনির্বাপক যন্ত্রের বোতল থেকে আসল উৎপাদন ও মেয়াদের তারিখ মুছে ফেলছিল। পরে নিজেদের তৈরি স্টিকার লাগিয়ে বিক্রির দিন থেকে পরবর্তী এক বছর মেয়াদ দেখিয়ে সেগুলো বাজারজাত করা হচ্ছিল।

অভিযানে দেখা যায়, শোরুমে থাকা কিছু অগ্নিনির্বাপক যন্ত্রের প্রকৃত মেয়াদ কয়েক মাস থেকে এক বছর আগেই শেষ হয়ে গেছে। এ ছাড়া অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে রিফিল করে আনা অগ্নিনির্বাপক যন্ত্রেও নিজেদের স্টিকার ও মেয়াদের তারিখ বসানোর প্রমাণ পাওয়া যায়।

3c5195c6-08c7-4e9c-8802-8f7939c31d82

অধিদপ্তর জানায়, মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট পণ্যে এমন জালিয়াতির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক এখতিয়ারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম তুহিন ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা দেন।

d710a4c1-213d-4649-943f-ab2c1d936d8f

অভিযানকালে অন্যান্য ব্যবসায়ীকে সতর্ক করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অভিযানে সহযোগিতা করে।

সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস