Dhaka Mail Logo

সারাদেশ

মেহেরপুরে তারে ঝুলছিল বোমাসদৃশ বস্তু, বাজছিল শেখ মুজিবের ভাষণ

জেলা প্রতিনিধি

১৫ আগস্ট ২০২৬, ০১:৪৫ পিএম

মেহেরপুর পৌর শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় বোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) ভোরে এসব বস্তু দেখতে পাওয়ার পর শহরজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে প্রথমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় একটি সন্দেহজনক বস্তু দেখতে পান পথচারীরা। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ গিয়ে বস্তুটি উদ্ধার করে।

meherpur-2

কিছুক্ষণ পর শহরের গুরুত্বপূর্ণ কোর্ট মোড় চত্বর থেকে একই ধরনের দ্বিতীয় একটি বস্তু উদ্ধার করা হয়। পরে সোনালী ব্যাংক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের মধ্যবর্তী স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় তৃতীয় বোমসদৃশ বস্তুটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো। এর মধ্যে সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনসংলগ্ন বৈদ্যুতিক তারে ঝুলন্ত বস্তুটি থেকে প্রয়াত শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শোনা যায়।

meherpur-3

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, ‘উদ্ধার করা বস্তুগুলো আপাতত পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে নিরাপদে থানায় নেওয়া হয়েছে। এগুলো অটোরিকশার ব্যাটারিচালিত সাউন্ড বক্স বলে মনে হচ্ছে।

কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে ওসি বলেন, শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

meherpur-4

হুমায়ুন কবির আরও বলেন, ঘটনার পেছনে কোনো অন্তর্ঘাতমূলক পরিকল্পনা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্য ছিল কি না, তা অনুসন্ধান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রতিনিধি/এমআর