জেলা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৬, ১১:৩৮ এএম
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে একদিনের জন্য সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে পণ্য বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দর সড়ক পথে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, একদিন বন্ধ থাকার পর আগামী রোববার (১৬ আগস্ট) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পুনরায় স্বাভাবিকভাবে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস জানান, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/এসএস