Dhaka Mail Logo

সারাদেশ

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি

১৫ আগস্ট ২০২৬, ০৭:১৫ এএম

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় শাহ আলম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

শাহ আলম মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিনিবাসদী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বাসা থেকে বের হন শাহ আলম। রাতে রেল লাইন ধরে হাঁটার সময় নরসিংদী রেলওয়ে স্টেশনের জিরো পয়েন্ট এলাকায় ঢাকাগামী গোধূলি এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহতের বড় ছেলে তানজিমুল তৌহিদ লিমন বলেন, আমার বাবা প্রায় ২২ বছর প্রবাসে ছিলেন। দেশে ফেরার পর তিনি দুইবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তিনি আমাদের সঙ্গে বসবাস করে আসছিলেন। তিনি সব সময় বাসায় থাকতেন। শুধু নামাজ পড়তে বাসা থেকে বের হন। আজ আছরের আগে বাসা থেকে বের হয়েছেন, ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই।

নিহতের সহপাঠী চিকিৎসক কামাল উদ্দিন জানান, প্রতিদিন তারা একসঙ্গে স্টেশন মসজিদে নামাজ পড়তেন। আজ তার সঙ্গে একবারও দেখা হয়নি। এশার নামাজ পড়তে এসে তিনি জানতে পারেন, শাহ আলম ট্রেনের ধাক্কায় মারা গেছেন।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দীলিপ চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। পরে স্বজনদের আবেদনে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি