জেলা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৬, ১১:৫৫ পিএম
একজন মাদক কারবারি ইয়াবা বিক্রি করে আমাকে ১০০ কোটি টাকা দিলেও আমি নেব না- এমন মন্তব্য করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরির বিরুদ্ধে আয়োজিত সচেতনতামূলক সভায় তিনি এ মন্তব্য করেন।
ওসি মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের সমাজ আমাদেরই ভালো করতে হবে। বাইরে থেকে কোনো জিন-পরী এসে সমাজ ভালো করে দেবে না। চীন, রাশিয়া কিংবা আমেরিকা এসে আমাদের সমাজ ভালো করে দেবে না। আপনার ছেলে-মেয়ের ভবিষ্যৎ আপনাকেই গড়তে হবে। বাড়ির আশপাশের কোনো মেম্বার কিংবা ওসি এসে সব ঠিক করে দেবে- এমনটা ভাবলে হবে না।’
তিনি আরও বলেন, ‘মাদক ব্যবসায়ী পাঁচজন, সন্ত্রাসী পাঁচজন- মোট ১০ জন। আর সমাজে মানুষ ৫০০ জন। এই ৫০০ জনকে কীভাবে ওই ১০ জন ভয় দেখায়, আমি চিন্তা করে পাই না। আপনারা মনে জোর রাখবেন। এই সমাজ আমাদের। আমরা সবাই মিলে ভালো থাকব।’
সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরি প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আহসান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি ছিলেন- সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম এবং সাংবাদিক ও মানবাধিকারকর্মী, ভয়েস অব এনফোর্সড ডিজঅ্যাপিয়ার্ড পারসন (VOED)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিঠু।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুল ইসলাম কিসমত বলেন, ‘যারা মাদকের সঙ্গে জড়িত আছে তাদের সংখ্যা বেশি নয়,আমরা তাদের সংশোধন করতে পারি। আমরা দায়িত্ব নিতে হবে, আসলে আমরা দায়িত্ব নিতে চাইনা। দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার অভাব বোধ করলে, যতটুকু করলে নিরাপত্তায় থাকতে পারেন, ততটুকু নেন।’
সভায় আরও বক্তব্য দেন- ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মারুফসহ অন্যরা। সভা সঞ্চালনা করেন মো. কুদরত শেখ।
আয়োজকরা জানান, এলাকার শান্তি, নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরির বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই সভার মূল লক্ষ্য। এ সময় অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
প্রতিনিধি/এমআই