জেলা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৬, ১০:৫৪ পিএম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে সাজাপ্রাপ্ত আরও দুই মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে পুলিশ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) মোহাম্মদ জালাল উদ্দিন ও এএসআই (নিঃ) মো. মুছা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শশীদল ইউনিয়নের অনন্তপুর জামে মসজিদের উত্তর পাশের ব্রিজের ওপর একটি অভিযান পরিচালনা করেন। সেখান থেকে ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক বিক্রেতাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— কক্সবাজারের টেকনাফ থানার মোচনী পাড়া রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল জলিলের ছেলে জিয়াউর রহমান (২৩) এবং একই পরিবারের আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু আব্দুল আমিন(১৫)।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অভিযান অব্যাহত রয়েছে। রোহিঙ্গা আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।
প্রতিনিধি/ এজে