জেলা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৬, ১০:৪৩ পিএম
নড়াইল সদর উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ট্রাক চালকের সহকারী আল-আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা ২ জন আহত হন।
শুক্রবার রাতে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের বাঁশভিটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন যশোর জেলার কোতয়ালি থানার খোলাডাঙ্গা গ্রামের মো. মফিজের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের নড়াইল সদর উপজেলার বাঁশভিটায় একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় চালকের সহকারী ট্রাকের চাকা পরীক্ষা করছিল। এমন সময়ে যশোর থেকে নড়াইলগামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের পেছনে থাকা আল আমিনের মৃত্যু হয়। এছাড়া প্রাইভেটকারে থাকা ২ জন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মরদেহটি উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এলএ