জেলা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৬, ০৮:১৬ পিএম
যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালু করার ঘোষণা দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম এই হাসপাতালটি শুরু করেছিলেন। কিন্তু হাসপাতালটি দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে আছে। ইতিমধ্যে যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ শুরু করেছি। একইসাথে যশোর করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপদান কার্যক্রম শুরু হয়েছে এবং অচিরেই পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। করোনারি কেয়ার ইউনিট চালুর পর যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালু করার উদ্যোগ গ্রহণ করব।
শুক্রবার যশোর এস এম সুলতান ফাইন আর্ট কলেজে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ জন্মদিন উপলক্ষে বার্ষিক শিল্প কর্ম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এস এম সুলতান ফাইন আর্ট কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, শেখ হাসিনা বিভিন্ন ব্যবস্থাপনার মধ্যদিয়ে ফ্যাসিস্ট হয়েছিল। আজকে যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, তাদের বৃহৎ একটি অংশ তাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছে, তখন সবাই সর্তক থাকতে হবে। কারণ এরা (যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিল) মুখে গণতন্ত্রের কথা বলে, অন্তরে ফ্যাসিস্টকে লালন করে। সুযোগ পেলে তারা আবারও ছোবল মারবে।
প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে প্রতীকী মূল্যে এস এম সুলতান ফাইন আর্ট কলেজের জমি প্রদানের সুযোগ থাকলে সেটা করারও ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ শামীম ইকবাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন প্রমুখ।
তিন দিনের শিল্প কর্ম প্রদর্শনীতে এস এম সুলতান ফাইন আর্ট কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ৫০টি শিল্প কর্ম স্থান পেয়েছে।
প্রতিনিধি/এলএ