Dhaka Mail Logo

সারাদেশ

বালুবাহী ট্রলি উল্টে নদীতে শিশু নিখোঁজ

জেলা প্রতিনিধি

১৪ আগস্ট ২০২৬, ০৫:০৯ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী লাটা হাম্বা গাড়ি পদ্মা নদীতে উল্টে চার শিশু নিখোঁজ হবার ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে আলিফ নামে এক শিশু।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু উপজেলার শিলাইদহ ইউনিয়নের কষবা গ্রামের মন্সুর প্রামাণিকের ছেলে আলিফ (৮)।

উদ্ধার তিন শিশু একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ওমর ফারুক (৮), জনি শেখের ছেলে আব্দুল আহাদ (১০) এবং জামাল হোসেনের ছেলে জিহাদ (১১)।

জানা যায়, জাকির হোসেন নামে একব্যক্তি বালু বোঝাই ট্রলি( স্যালো ইঞ্জিন চালিত গাড়ি) নিয়ে যাওয়ার সময় চার শিশু তার গাড়িতে উঠে পড়ে।

পরবর্তীতে বালুবাহী ট্রলি পদ্মা নদীর পাশ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলকে সাইড দিতে গেলে গাড়িটির পেছনের চাকা পিছলে নদীতে উল্টে গেলে গাড়িতে থাকা চার শিশু পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় চালক জাকির হোসেন নিজেই পানিতে নেমে তিন শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে মন্সুর প্রামাণিকের ছেলে আলিফ (৮) এখনো নিখোঁজ রয়েছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, বালু বাহী লাটা হাম্বা উল্টে পদ্মা নদীতে নিখোঁজ রয়েছে সংবাদ পাওয়ার পরই সেখানে থানা পুলিশ সহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত হয়েছে এবং উদ্ধার কাজ চলমান রয়েছে। এদিকে খুলনা থেকে ডুবুরি দল রওনা হয়েছে, তারা আসলে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার চেষ্টা চালাবে বলে জানান তিনি।

প্রতিনিধি/ এজে