Dhaka Mail Logo

সারাদেশ

যশোরে বিএনপি কার্যালয় থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

জেলা প্রতিনিধি

১৪ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম

যশোর শহরের পুরাতন কসবার ঢাকা রোড এলাকায় নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যালয়ের রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ শাহিন সকালে অফিস পরিষ্কার করার সময় একটি বেঞ্চ সরাতে গিয়ে ইটের ফাঁকে কালো কস্টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় ব্যবসায়ী শরিফুল ইসলামকে জানান।

খবর পেয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে কোতোয়ালী মডেল থানায় খবর দেওয়া হলে এসআই ফজলুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।

এসআই ফজলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বস্তুটি কার্যালয়ের ভেতরে রেখে যেতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদনের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার পর এর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এমআই