Dhaka Mail Logo

সারাদেশ

নবাবগঞ্জে ৩৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি

১৪ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে ৩৫০টি অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মো. আজিজার রহমান (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর।

গ্রেফতার আজিজার রহমান দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিশাপাড়া (হিলি) গ্রামের মৃত আব্বাস আলী মণ্ডলের ছেলে।

ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে নবাবগঞ্জ উপজেলার ১ নম্বর জয়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোশলামপুর গ্রামের সালাম নার্সারির সামনে অভিযান চালানো হয়। এ সময় ৩৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আজিজার রহমানকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর অভিযুক্ত মো. এরশাদ মিয়া ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান।

ডিবির ওসি মুহাম্মদ আলমগীর বলেন, এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য নবাবগঞ্জ থানায় এজাহার দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস