জেলা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৬, ০৮:১৭ এএম
বাল্যবিবাহ রোধ করা না গেলে খেলাধুলার জগতে বাংলাদেশের মেয়েদের কাঙ্ক্ষিত উত্তরণ ঘটবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ঠাকুরগাঁওয়ের সাঁওতাল ও বর্মণ সম্প্রদায়ের প্রতিশ্রুতিশীল কিশোর-কিশোরীদের জাতীয় পর্যায়ের খেলাধুলায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্বের রেজিস্ট্রেশনে সহযোগিতা করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী।
একই সঙ্গে তিনি ‘প্রাইম মিনিস্টারস কাপ’-এর ব্যাপক প্রচার ও সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
উল্লেখ্য, রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড উইমেন্স ফুটবল ক্লাব থেকে এ পর্যন্ত ২০ জন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় পর্যায়ে ফুটবল খেলার সুযোগ পেয়েছেন।
সভায় বক্তারা জানান, গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ক্লাবটির কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য স্থানীয় একটি ধর্মান্ধ মহল মব সৃষ্টির মাধ্যমে মেয়েদের খেলাধুলা বন্ধের অপচেষ্টা চালায়। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার হস্তক্ষেপ এবং স্থানীয় প্রশাসনের নেতৃত্বে সেই অপচেষ্টা প্রতিহত করা হয়। পরে মেয়েরা আবারও ফুটবল খেলা শুরু করে।
ক্লাবটির জন্য একটি বিকল্প মাঠের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা।
পরে তিনি খেলোয়াড়দের সঙ্গে সময় কাটান এবং তাদের হাতে জার্সি ও ফুটবল তুলে দেন।